
৩ জুন: এবারও বানভাসি আগরতলায় নিজেদের কর্তব্য ভুলে যায়নি "উড়ান"। গতবারের বন্যাতেও এই রাজ্যের ইতিহাসে রাজ্যের সবাইকে নিয়ে 'একসাথে ইতিহাস' রচনা করেছিল।
বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও আপ্রাণ চেষ্টা এবং সবার সহযোগিতা নিয়ে এগিয়ে চলেছে।
এবার শহরের বন্যা পরিস্থিতির উপরও যথেষ্ট নজর রাখে সংস্থাটি। প্রথম দিন থেকেই বিভিন্ন ভাবে দুর্গতদের পাশে ছিল। শহর এবং শহরতলির ছয়টি শিবিরে বিভিন্ন খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে ছুটে যায় উড়ানের সদস্যরা।
মঙ্গলবার শহরের প্রগতি স্কুলে প্রায় পাঁচ শতাধিক বন্যা কবলিত মানুষের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করে । বিভিন্ন খাদ্য সামগ্রী , ঔষধপত্র এবং পানীয় জল সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ নিয়ে শিবিরে উপস্থিত প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করে ।
উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার,কর্পোরেটর প্রদীপ চন্দ, অভিষেক দত্ত । রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা এই স্বাস্থ্য শিবির পরিচালনা করেন। ডাক্তারদের মধ্যে ছিলেন জি বি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাঃ কনক চৌধুরী, ডাঃ সঙ্গীতা চক্রবর্তী, ডাঃ উর্মিমালা দেব্বর্মা চৌধুরী ও রামনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা।
মেয়র সহ উপস্থিত জনপ্রতিনিধিরা উড়ানের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
"উড়ান " এর সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যরা সংশ্লিষ্ট সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে ।