
১ জুন: চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান দ্বৈরথে ত্রিপুরার নাম যুক্ত হল মনিশঙ্কর মুড়াসিংয়ের হাত ধরে। সিএবি পরিচালিত পি সেন ট্রফি টুর্নামেন্টের সেমিফাইনালে সোমবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান। বৃষ্টির জন্য নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে ৩৮ ওভারে কমিয়ে আনা হয়েছিল ম্যাচ । প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে ইস্টবেঙ্গল ৭ নম্বর নেমে ২৬ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মনিশংকর মুড়াসিং। জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগান আট উইকেটে ২৯১ রানে থামে । ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। মনিশংকর মুড়াসিং বল হাতে ১৪ রান দিলে ইস্টবেঙ্গলের লক্ষ্য দাঁড়ায় ছয় বলে ১৫। ম্যাচে বিধ্বংসী মেজাজে থাকা মনিশংকর মুড়াসিং ওপেনিংয়ে গিয়ে মোহনবাগানের রবি কুমারের প্রথম বলে এক রান নিয়ে স্ট্রাইক দেয় ঋষভ চৌধুরীকে। রবি কুমার দ্বিতীয় বলেই ফিরিয়ে দেয় ঋষভকে ,ঋত্তিক চ্যাটার্জী ব্যাট হাতে এসে তৃতীয় বল কোন রান সংগ্রহ করতে পারেননি, চতুর্থ বলে একটি রান নিয়ে মণিশংকরকে স্ট্রাইকে ফেরান। জয়ের জন্য তখন দুই বলে ১৩ রান প্রয়োজন, একপ্রকার অসম্ভব হয়ে পড়ে ইস্টবেঙ্গলের জয়ের পথ। ঠিক সেই জায়গায় পরপর দুই বলে দুই ছয় হাঁকিয়ে ম্যাচ নিয়ে আসে নিজেদের পক্ষে। রবি কুমারের শেষ বলটি নো হওয়ায় এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা ত্রিপুরার মণিশঙ্কর মুড়াসিং।