img

আগরতলায় চালু হলো পাবলিক ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন

২৩ জুন:  আগরতলার বনমালীপুর পাওয়ার হাউস প্রাঙ্গণে খুব সহজেই গাড়ি চার্জ করা যাবে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর উদ্যোগে এবং এ প্লাস চার্জ সংস্থার সহযোগিতায় রাজ্যের প্রথম ক্যাপেক্স-ভিত্তিক পাবলিক ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে।
 _এই চার্জিং স্টেশনের বিশেষত্ব হলো, এখানে কোনও কর্মীর সাহায্য ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গাড়ি চার্জ করা যাবে। শুধু মোবাইলে অ্যাপ ইনস্টল করে গাড়ির মডেল নির্বাচন, অনলাইনে পেমেন্ট এবং চার্জিং গান গাড়ির সঙ্গে সংযুক্ত করলেই চার্জিং শুরু হয়ে যাবে। নির্ধারিত পরিমাণ চার্জ সম্পূর্ণ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধও হয়ে যাবে। স্টেশনে রয়েছে ৩০ কিলোওয়াটের ডিসি ফাস্ট চার্জার এবং ৭.৪ কিলোওয়াটের এসি চার্জার। ফলে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক ইলেকট্রিক গাড়িও দ্রুত ও নিরাপদে চার্জ করা সম্ভব হবে।
টিএসইসিএল-এর ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানিয়েছেন, রাজ্যে ইলেকট্রিক গাড়ির ব্যবহার আরও বাড়াতে এবং চার্জিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংস্থা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। কেন্দ্র সরকারের পিএম ই-ড্রাইভ প্রকল্পের নোডাল এজেন্সি হিসেবে টিএসইসিএল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় মোট ৯৪টি পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন স্থাপনের প্রস্তাব পাঠিয়েছে। টিএসইসিএল-এর এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দিনে ত্রিপুরার প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকায় সহজেই চার্জিং পরিষেবা মিলবে।