
২৯ জুলাই: এবছর দলীপ ট্রফিতে জাতীয় তারকা মোহাম্মদ শামী ও মুকেশ কুমারের পাশে তৃতীয় পেসার হিসেবে দেখা যাবে ত্রিপুরার অভিজিৎ সরকারকে? পূর্বাঞ্চল দল ঘোষণা হতেই আশায় রাজ্যের ক্রিকেট প্রেমীরা।
কলকাতার ইডেন গার্ডেন্সে অবস্থিত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সদর দফতরে বুধবার অনুষ্ঠিত হলো দলীপ ট্রফি ২০২৬-২৭-এর পূর্বাঞ্চল দলের নির্বাচনী বৈঠক। বৈঠক শেষে ১৫ সদস্যের শক্তিশালী পূর্বাঞ্চল দল ঘোষণা করা হয়।
নির্বাচনী বৈঠক শেষে নির্বাচকরা সিএবি সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএবির সচিব ও নির্বাচনী বৈঠকের আহ্বায়ক বাবলু কোলে এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।
নির্বাচকমণ্ডলীতে ছিলেন বাংলার দিব্যেন্দু চক্রবর্তী, ঝাড়খণ্ডের মণীশ বর্ধন, ওডিশার প্রভঞ্জন মল্লিক, ত্রিপুরার অলক সাহা এবং বিহারের অনন্ত প্রকাশ। এছাড়া অসমের নির্বাচক সুমিত রঞ্জন দাস ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।
ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার জাতীয় দলের তারকা ঈশান কিষাণ। সহ-অধিনায়ক করা হয়েছে বিশ্ব ক্রিকেটে বিষ্ময় বালক বিহারের বৈভব সূর্যবংশীকে।
বাংলা থেকে সর্বাধিক ছয়জন ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন,ঝাড়খণ্ড থেকে ৫ জন। এছাড়া ওডিশা, বিহার, অসম ও ত্রিপুরা থেকে ১ জন করে ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। ত্রিপুরার হয়ে মূল দলে সুযোগ পেয়েছেন পেসার অভিজিৎ সরকার। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন ত্রিপুরার শ্রীদাম পাল।
পূর্বাঞ্চল দল ঘোষণার মধ্য দিয়ে দলীপ ট্রফির নতুন মরসুমের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন এই দল দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রথম-শ্রেণির টুর্নামেন্টে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করবে।