img

রাজ্যের মেয়ের হাত ধরে কমনওয়েলথ গেমসে ভারতের ইতিহাস

৩১ জুলাই: ভারতের জুডো ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ত্রিপুরার কন্যা ২২ বছর বয়সী অস্মিতা দে। শুক্রবার গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসের মহিলাদের ৪৮ কেজি বিভাগে ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে তিনি স্বর্ণপদক জয় করেন। এর মধ্য দিয়ে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় জুডোকা হিসেবে স্বর্ণপদক জয়ের বিরল কৃতিত্ব অর্জন করলেন অস্মিতা।
রুদ্ধশ্বাস ফাইনালে অস্মিতা ২-১ ইউকো ব্যবধানে জয় নিশ্চিত করেন। ম্যাচের শুরুতে দুই প্রতিযোগীর মধ্যে ছিল সতর্ক লড়াই। মাঝপথে কোয়াচ একটি সফল থ্রোর মাধ্যমে এগিয়ে গেলেও শিডো পেনাল্টি পাওয়ার পর অস্মিতা দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। একটি নিখুঁত থ্রোর সাহায্যে তিনি সমতা ফেরান এবং এরপর ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখেন।
নির্ধারিত সময়ে স্কোর সমান থাকায় ম্যাচ গড়ায় গোল্ডেন স্কোরে। সেমিফাইনালের মতোই চাপের মুহূর্তে অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়ে ম্যাটের প্রান্তে একটি দুর্দান্ত থ্রো করেন অস্মিতা। সেই থ্রো থেকেই আসে জয়সূচক পয়েন্ট, নিশ্চিত হয় ঐতিহাসিক স্বর্ণপদক।
এর আগে সেমিফাইনালে স্বাগতিক স্কটল্যান্ডের সারা অ্যাডলিংটনকে গোল্ডেন স্কোরে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। এই সাফল্যের মাধ্যমে ভারতের জুডো প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের স্বাদ পেল এবং অস্মিতা দে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটি তুলে নিলেন।