
৫ আগষ্ট: এই মরশুমে ত্রিপুরা সিনিয়র ক্রিকেট দলের কোচ হিসেবে নব্বইয়ের দশকের প্রাক্তন ক্রিকেটার সত্রজিৎ লাহিড়ীর নাম জোরালোভাবে উঠে আসছে। যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার (TCA) তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও ক্রিকেট মহলে তাঁর নাম নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।
কিন্তু কে এই সত্রজিৎ লাহিড়ী?
১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ত্রিপুরার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন সত্রজিৎ। ব্যাটার হিসেবে ১২টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৪৮ রান করেন তিনি। তাঁর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৮৮, গড় ২৯.৪৫। এছাড়া ৮টি লিস্ট-এ ম্যাচে ২৩৩ রান করেন, যেখানে সর্বোচ্চ স্কোর ৬০।
খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন সত্রজিৎ। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর ডিস্ট্রিক্ট ইউনিফর্ম কোচিং প্রোগ্রামের প্রধান কোচ। অতীতে ভারতের অনূর্ধ্ব-১৬ দলের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি NCA-BCCI এবং ECB Level-III স্বীকৃত কোচ। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট একাডেমিতেও সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। তরুণ ক্রিকেটার গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা দেশের ক্রিকেট মহলে যথেষ্ট সমাদৃত। কিন্তু কোন রাজ্যের সিনিয়র দলকে কোচিং করানো হয়ে ওঠেনি তার।
শুধু কোচিং নয়, আম্পায়ার হিসেবেও সফল সত্রজিৎ। বিসিসিআই প্যানেলের আম্পায়ার হিসেবে তিনি ১৩টি প্রথম শ্রেণির, ২৫টি লিস্ট-এ এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন।
এমন অভিজ্ঞ ও বহুমুখী ক্রিকেট ব্যক্তিত্ব এই প্রথম ত্রিপুরার সিনিয়র দলের দায়িত্ব নিয়ে, কতটা বদলে দিতে পারবে দলের চেহারা, সেটাই প্রশ্ন। যদিও সবটাই নির্ভর করছে টিসিএ'র আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
#satrajitlahiri #TripuraCricket