img

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ত্রিপুরা পাপেট থিয়েটারের ‘বিসর্জন’ ও মানবতার শাশ্বত জয়গান

নারায়ণ দেব
পুতুল নাচ কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের গ্রামীণ লোকসংস্কৃতির এক প্রাচীন ও জীবন্ত দলিল। একসময়ের মোটা চাটাইয়ের ওপর বসা সেই ১০ পয়সার টিকিট কেটে শিশু উদ্যানের পুতুল নাচ আমাদের শৈশবের সোনালী রোদ্দুর। আধুনিক প্রযুক্তির ঝিকিমিকি আলোয় আজ যখন হারিয়ে যেতে বসেছে সেই চিরায়ত ঐতিহ্য, তখন তাকে পরম যত্নে বাঁচিয়ে রাখার ব্রত নিয়েছে ‘ত্রিপুরা পাপেট থিয়েটার’।
১৪ নভেম্বর ২০২৬ (এ মাসের দ্বিতীয় শনিবার) মুক্তধারা মঞ্চে সম্মিলিত নাট্য প্রয়াসের উদ্যোগে পরিবেশিত হলো এই দলের নতুন প্রযোজনা—রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘বিসর্জন’। মূল নাটকটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলেও, একে পুতুল নাটকের অবয়বে অত্যন্ত মুন্সিয়ানার সাথে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যকার প্রভিতাংশু দাস।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটকটি মূলত: অন্ধ গোঁড়ামি, হিংসা ও রক্তপাতের বিরুদ্ধে মানবতার এক শাশ্বত দলিল। নাটকের প্রতিটি চরিত্রের দ্বন্দ্ব আজও সমানভাবে প্রাসঙ্গিক।
কবি গুরুর সার্ধ শতবর্ষে ২০১১ সালে নাটকটি প্রথম অভিনীত হয়।  বিগত পনের  বছরে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদশের বহু জাতীয় ও আন্তর্জাতিক নাট্যোৎসবে বিসর্জন মঞ্চস্থ হয়েছে। এবং দর্শক বৃন্দের অকুণ্ঠ প্রশংসা লাভ করেছে।
 রক্তপাতের বিরুদ্ধে অপর্ণার বুকফাটা জিজ্ঞাসা—“কেন এত রক্ত?”—কেবল মহারাজা গোবিন্দ মাণিক্যের হৃদয়কেই কাঁপিয়ে দেয়নি, বরং তা আজও আমাদের বিবেককে নাড়া দেয়।
রঘুপতির চক্রান্ত ও জয়সিংহের আত্মবলিদান: ধর্মান্ধতার অন্ধকার জালে জড়িয়ে থাকা রঘুপতির অন্ধ জেদ এবং সত্য ও ভালোবাসার প্রতীক জয়সিংহের আত্মত্যাগ নাটকের ট্র্যাজেডিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
 আজ বিশ্বজুড়ে যখন যুদ্ধ-বিগ্রহ, হানাহানি এবং সাম্প্রদায়িক সংঘাতে হাজার হাজার নির্দোষ শিশু, নারী ও বৃদ্ধ বলি হচ্ছেন, তখন রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ যেন সমসাময়িক পৃথিবীর এক দর্পণ। অপর্ণার সেই আকুল প্রশ্ন আজ আমাদের হৃদয়তন্ত্রীতে আরও তীব্রভাবে বেজে ওঠে।
নাটকটিকে স্বল্প পরিসরে সফলভাবে পুতুল নাটকে রূপান্তর করা সহজ কাজ ছিল না। কিন্তু পরিচালক প্রভিতাংশু দাসের ঐকান্তিক সাধনা ও সৃজনশীলতায় তা এক শিল্পোত্তীর্ণ রূপ লাভ করেছে।
পুতুলের হাত-পায়ের  নিখুঁত মুভমেন্ট এবং সুনিপুণ সঞ্চালনা দেখে মনেই হয় না যে এগুলো জড় পদার্থ; বরং তারা যেন জীবন্ত হয়ে ওঠে মঞ্চে। বিসর্জনের ভাবনা কেবল একটি নির্দিষ্ট সময়কেই চিহ্নিত করে না। মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতার বিরুদ্ধে রবীন্দ্রনাথের
যে প্রতিবাদ তা আজও সমান প্রাসঙ্গিক। 
নাটকের প্রতিটি দৃশ্যের সাথে সামঞ্জস্য রেখে আলোর প্রক্ষেপণ এবং আবহ সংগীত দর্শকের চোখের পলক ফেলতে দেয় না।
 চরিত্রগুলোর মুখের নিখুঁত সংলাপ প্রক্ষেপণ দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
হলভর্তি দর্শক, বিশেষ করে ছোট ছোট শিশুরা যেভাবে আনন্দে হাততালি দিয়ে পাপেট থিয়েটারটির শিল্পীদের সাধুবাদ জানিয়েছে, তা প্রমাণ করে যে শিল্পের কোনো বয়স হয় না। শিল্পের আবেদন সর্বজনীন। প্রভিতাংশু দাসের এই অপরূপ নির্মাণ দীর্ঘদিন ত্রিপুরার নাট্যামোদীদের হৃদয়ের মণিকোঠায় জ্বলজ্বল করবে।
নেপথ্যের কুশীলবঃ-
বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেনঃ আশিস মোদক, সমীর রায়, শুভ্রা ধর, সঞ্জয় কর, কুমার শঙ্কর পাল, কাকলি গঙ্গোপাধ্যায়, সুমন ভট্টাচার্য, সুহাস দত্ত, সৌমেন্দ্র নন্দী, লিটন সাহা, ও প্রভিতাংশু দাশ।
বিশেষ আবহ সঙ্গীত নির্মাণঃ সুকান্ত ঘোষ ও সঙ্কর্ষণ ঘোষ। নেপথ্য কন্ঠঃ সঙ্কর্ষণ ঘোষ ও তিথি রায়। পুতুল সঞ্চালনাঃ প্রভীতাংশু দাশ, লিটন সাহা, রিমন দাশ, লিটন দাস, পুরঞ্জন দেব, দীপঙ্কর ভট্টাচার্য, খোকন মিঞা, তৎসম সরকার। আলোক পরিকল্পনা ও প্রক্ষেপনঃ প্রদীপ দাশ। শব্দ গ্রহনঃ সুমিত বণিক, স্টুডিও: কুঁজন। শব্দ প্রক্ষেপণঃ দেব সাউন্ড।
 মোটকথা নেপথ্য কন্ঠ, আবহ, কন্ঠ সঙ্গীত, আলো, পুতুল নির্মাণ, পুতুল সঞ্চালনা প্রতিটি বিভাগই ছিল নিঁখুত।
‘বিসর্জন’ পুতুল নাটকটি আমাদের কেবল অতীতের শিকড়ের সাথেই জুড়ে দেয়নি, বরং প্রতিটি পুতুলের মুখে উচ্চারিত হয়েছে মানুষের কথা, মানবতার কথা। এখানেই নাটকটির স্বার্থকতা। নাটকটি আমাদের মনে বিশ্বাস জাগায়—একদিন সমস্ত হানাহানি মুছে এই পৃথিবী এক শান্তির সুতিকাগারে পরিণত হবে। 
ত্রিপুরা পাপেট থিয়েটারের এই নির্মাণে মানবতার  জয়যাত্রা নিরবচ্ছিন্ন হোক।