img

সহযাত্রী আশাকর্মীর সাহায্যে চলন্ত ট্রেনে সন্তান প্রসব

১৬ নভেম্বর: তীর্থযাত্রায় বেড়িয়ে সাক্ষাৎ ঈশ্বর দর্শন। ৫ নভেম্বর ২০২৬। ট্রেন মাত্র ধর্মনগর স্টেশন পেরিয়েছে।
ট্রেনে যাত্রী ভর্তি, সেই ট্রেনেই ছিলেন ৯৪ জন তীর্থযাত্রী। সবার গন্তব্য দেওঘর সৎসঙ্গ আশ্রম। ব্যাগে জামা-কাপড়, মুড়ি-চিড়া, আর মনে ঠাকুরের নাম।
সেই দলেই ছিলেন - মাধুরী দেবী।
দক্ষিণ ত্রিপুরার মনুবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের  অন্তর্গত, পশ্চিম হরিনা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নান্টু নাথ পাড়ার আশা কর্মী। আশা ফ্যাসিলিটেটর কাবেরী চক্রবর্তীর তত্ত্বাবধানে কাজ করেন। গ্রামে সবাই তাঁকে চেনে "আশা দিদি" বলে।
ট্রেনটা যখন লামডিং-এর দিকে এগোচ্ছে...
হঠাৎ একটা কান্নার আওয়াজ।
"বাঁচাও! বাঁচাও! আমার স্ত্রীকে কেউ বাঁচাও!"
 ট্রেনের সহযাত্রী মহম্মদ আরিফ নামে উত্তরপ্রদেশের বাসিন্দা চিৎকার করে উঠলেন এক। স্ত্রীকে নিয়ে ধর্মনগর থেকে ট্রেনে উঠেছিলেন লামডিং-এর উদ্যেশ্যে।
তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। ট্রেনের মধ্যেই হঠাৎ প্রসব ব্যাথা শুরু হয়। ব্যাথায় ছটফট করছেন মহিলা। চারপাশের যাত্রীরা হতবাক। কেউ বুঝতে পারছে না কী করবে। ট্রেন চলছে। কাছাকাছি কোনও হাসপাতাল বা লেবার রুম নেই। 
সবাই হতবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে।
আর ঠিক তখনই... ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন এক সহযাত্রী।
"সরুন, সরুন, আমাকে দেখতে দিন। আমি আশা কর্মী।"
মাধুরী দেবী।
আরিফের চোখে তখন একটু আশার আলো। "দিদি, আপনি পারবেন? আমার স্ত্রীকে বাঁচান।"
মাধুরীদেবী এক মুহূর্তও দেরি করলেন না।
তিনি আশেপাশের সহযাত্রীদের কাছ থেকে চেয়ে নিলেন কয়েকটা সুতির কাপড়। ট্রেনের একটা কোণে কাপড় টাঙিয়ে একটা আড়ালে নিয়ে গেলেন। 
কিন্তু আসল বিপদ তখনও সামনে।
পরীক্ষা করে মাধুরীদেবী দেখলেন, শিশুটি সোজা নেই। ব্রিচ পজিশন - উল্টো অবস্থানে আছে।
হাসপাতালে হলেও এই ডেলিভারি নিয়ে ডাক্তাররা টেনশনে থাকেন। আর এ তো চলন্ত ট্রেন! কোনো যন্ত্র নেই, কোনো ওষুধ নেই, কোনো সাহায্য নেই।
ট্রেনের সবাই তখন জড় হয়ে তাকিয়ে আছে।
মাধুরীদেবী ,ভয় না পেয়ে মা'টাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
তিনি সাহস করে হাত লাগালেন। ধীরে ধীরে, খুব সাবধানে...
বাচ্চাটা গলা পর্যন্ত বেরিয়ে এলো। কিন্তু মাথাটা আটকে গেছে! আর বের হচ্ছে না!
মাধুরীদেবীর হাত কাঁপছে। মায়ের মুখটা নীল হয়ে আসছে।
ঠিক সেই মুহূর্তে সদ্য MBBS পাস করা সহযাত্রী এক তরুণ ডাঃ আকাশ দেবনাথ এগিয়ে এলেন।
আশা দিদি আর একজন তরুণ ডাক্তার এই দুজনে মিলে - ট্রেনের দুলুনির মধ্যে, শত শত মানুষের প্রার্থনার মধ্যে, শেষ চেষ্টা করলেন।
একরাশ আশঙ্কার মাঝেই হঠাৎ কেঁদে উঠলো বাচ্চাটি। 
পুরো ট্রেনের বগিতে যেন একসঙ্গে প্রাণ সঞ্চার হয়ে পড়ে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ ঠাকুরকে প্রণাম করছে।
কিন্তু মাধুরীদেবী তখনও থামেননি।
ব্যাগ থেকে বের করলেন নতুন ব্লেড আর সুতো। কত যত্ন করে নাভিরজ্জু কাটলেন, বাঁধলেন। সুতির কাপড় দিয়ে বাচ্চাটাকে পরিষ্কার করে মায়ের কোলে তুলে দিলেন।
মহম্মদ আরিফ তখন ভাষাহীন।
সেদিন ট্রেনটা লামডিং পৌঁছালো। মা আর নবজাতক দুজনেই সম্পূর্ণ সুস্থ।
গ্রামের একজন সাধারণ আশা কর্মী প্রমাণ করে দিলেন, হাসপাতাল না থাকলেও, যন্ত্রপাতি না থাকলেও, শুধু সাহস আর মমতা থাকলেই একজন মায়ের প্রাণ বাঁচানো যায়।
সোমবার দক্ষিণ ত্রিপুরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসতেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন আশা কর্মী মাধুরী দেবী।