
নারায়ণ দেব
হেমন্তের শান্ত, স্নিগ্ধ আবহাওয়ায় ১৫ নভেম্বর ২০২৬ মুক্তধারা মঞ্চের পর্দা উঠতেই যেন নাট্যমোদীদের মনে নতুন প্রাণের ছোঁয়া লাগে। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় ‘সুর পঞ্চম’ আয়োজিত তিনদিনব্যাপী (১৫–১৭ নভেম্বর) দ্বিতীয় জাতীয় নাট্যোৎসব। আগরতলা, ধর্মনগর, শিলচর, গুয়াহাটি ও কলকাতার নাট্যদলের একটি নৃত্যনাট্য এবং পাঁচটি নতুন ভাবনার নাটকে উৎসবের আঙিনা হয়ে ওঠে বর্ণময় ও প্রাণবন্ত।
প্রথম সন্ধ্যা (১৫ নভেম্বর), প্রথম প্রেক্ষণ: নৃত্যনাট্য ‘হে নটরাজ’
রচনা ও নির্দেশনা: উদয় শংকর ভট্টাচার্য.
প্রাচীনকালে দারুকাবন (বর্তমান চিদাম্বরম সংলগ্ন তিল্লাই অরণ্য) অঞ্চলে একদল ঋষি বাস করতেন। নিজেদের যাগযজ্ঞ, কঠোর তপস্যা ও মন্ত্রশক্তির অহংকারে তাঁরা মত্ত হয়ে উঠেছিলেন। তাঁদের মনে এমন ভ্রান্ত ধারণা জন্মেছিল যে, ঈশ্বরের চেয়েও তাঁদের কর্মফল ও তপস্যা বড়। এই অহংকার ও রুক্ষ আচার-আচরণে সাধারণ মানুষের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়।
ঋষিদের এই দর্প চূর্ণ করতে দেবাদিদেব শিব সেখানে এক ভিক্ষুকের বেশে উপস্থিত হন। তাঁর সৌম্য, শান্ত ও অপরূপ রূপ-লাবণ্য দেখে ঋষি-পত্নীরা মুগ্ধ হয়ে তাঁর বন্দনা ও প্রার্থনা শুরু করেন।
এই দৃশ্য দেখে ঋষিরা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তাঁরা নিজেদের যজ্ঞের আগুন থেকে একে একে তিনটি ভয়াবহ শক্তি সৃষ্টি করে শিবের দিকে পাঠান: প্রথমে এক হিংস্র বাঘ, এরপর এক বিষধর সাপ সবশেষে ‘অপস্মার’ নামে এক ভয়ঙ্কর অসুর।
কিন্তু মহাদেবের কাছে কোনো বাধাই টেকে না। তিনি সহজেই বাঘটিকে বধ করে তার চামড়া দিয়ে নিজের পরিধান (কৃষ্ণসার বা ব্যাঘ্রচর্মের মতো বস্ত্র) তৈরি করে নেন। সাপটিকে বশে এনে নিজের গলার মালা হিসেবে ধারণ করেন এবং অপস্মার অসুরকে চরণতলে পদপিষ্ট করে শুরু করেন অপূর্ব আনন্দ তাণ্ডব নৃত্য।
মহাদেবের এই রুদ্র ও আনন্দময় তাণ্ডবের সামনে ঋষিদের সমস্ত অহংকার ও দর্প চূর্ণ হয়ে যায়। তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে শিবের চরণে ক্ষমা প্রার্থনা করেন। করুণাময় মহাদেব তাঁদের ক্ষমা করে দেন।
এই পৌরাণিক আখ্যানের অন্তর্নিহিত ভাব ও নাটকীয়তাকে আশ্রয় করেই নির্মিত হয়েছে নৃত্যনাট্য ‘হে নটরাজ’।
নাচ, গান, অভিনয় এবং আবহ সঙ্গীতের সমন্বয়ে এক অসাধারন শিল্প কর্ম নির্মিত হয়। যা দর্শকের চোখে এবং মননে গভীর অনুভূতির সৃষ্টি করে। হৃদয়গ্রাহী মুখের অভিব্যক্তি আর নৃত্যের নৈপুন্য সেই সঙ্গে কন্ঠ সঙ্গীত আর তাল বাদ্যের অপূর্ব সম্মিলন এক হৃদয়গ্রাহী মুহুর্তের সৃষ্টি করে। যা দীর্ঘদিন দর্শকের হৃদয়ে স্থায়ী থাকবে।
উদয় শংকরের মেঘ মন্দ্র কন্ঠস্বরে ভাষ্য পাঠ, অমর ঘোষ, প্রানতোষ বিশ্বাস, শ্রেয়া সরকার, অর্ঘজিৎ সাহার সুরেলা কন্ঠ সঙ্গীত, নারায়ণ বিশ্বাস, প্রহ্লাদ সাহা, প্রসেনজিৎ নন্দী, প্রণব দাসের তবলা বাদন, সমীরণ দাসের কী- বোর্ডের ঝংকার, ড, কিশোর ভট্টাচার্যের এফেক্ট এবং প্যাড বাজনার সম্মিলিত এক মনোমুগ্ধকর সৃজন প্রত্যক্ষ করলেন হল ভর্তি দর্শক।
যার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়।
প্রথম সন্ধ্যার দ্বিতীয় প্রেক্ষণঃ নাটক- 'রায় কাচাগ'
মূল কমিক্সঃ অলক দাশগুপ্ত। নাট্যরূপ ও নির্দেশনাঃ পার্থ মজুমদার। প্রযোজনাঃ সুর পঞ্চম।
নাটক দেখতে দেখতে টাইম মেশিনে চড়ে আমরা যেন হঠাৎই চলে যাই প্রায় পাঁচশত এগার- পাঁচশত ছত্রিশ বছর পূর্বের এক উত্তাল সময়ে—ত্রিপুরার তৎকালীন রাজধানী রাঙামাটিতে। তখন সিংহাসনে আসীন প্রজাহিতৈষী রাজা ধন্য মাণিক্য, কিন্তু রাজদরবারে প্রাসাদ ষড়যন্ত্রের কালো মেঘ তখন প্রকট। লোভী মন্ত্রী ও বিশ্বাসঘাতক সেনাপতি রাজাকে হত্যা করে সিংহাসন দখল করার চক্রান্তে লিপ্ত। ঠিক এই সংকটময় মুহূর্তে অকুতোভয় যুবক বীর কাচাগ ও তাঁর বিশ্বস্ত বন্ধু কসম নিজেদের জীবন বাজি রেখে ধন্যমাণিক্যকে রক্ষা করেন। তাঁদের এই অসীম সাহসিকতায় মহারাজ অভিভূত ও খুশি হয়ে কাচাগকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন এবং তাঁকে সম্মানজনক 'রায়' উপাধি প্রদান করেন। এরপর রায় কাচাগ ও কসমের অসামান্য সমরকুশলতা এবং বীরত্বে ত্রিপুরার সীমানা বহুদূর বিস্তৃত হয়। গৌড়ের সেনাপতির পরাজয়, হুসেন শাহের পরাজয় ও তাঁর কামান দখল, কুকি বিদ্রোহ দমন এবং কুকি সর্দারের কাছ থেকে জামিছলংয় ও তাঁর বন্ধু কোমোডো ড্রাগনের অদ্ভুত বুদ্ধিমত্তায় সাদা হাতি আনার মতো নানা অজানা ও রোমাঞ্চকর কাহিনিকে কেন্দ্র করে নাটকের বুনন আবর্তিত হয়েছে। ইতিহাস ও কল্পনার এই মিশেল দর্শককে শেষ পর্যন্ত কৌতূহলী করে রাখে।
পরিচালক পার্থ মজুমদার মূল কমিক্সের নিজস্ব সুর ও রোমান্টিকতাকে অক্ষত রেখে নাটকটিকে মঞ্চে সৃজন করেছেন অত্যন্ত দক্ষতা ও মুনশিয়ানার সঙ্গে। কমিক্সের পাতা থেকে উঠে আসা চরিত্রগুলোকে মঞ্চের পরিসরে জীবন্ত করে তোলা সহজ কাজ নয়, সেখানে নির্দেশকের প্রয়াস প্রশংসনীয়। শিল্পীদের সমবেত অভিনয়ই মূলত নাটকটির প্রাণশক্তি হয়ে উঠেছে। তবুও, মঞ্চায়নের কিছু কিছু জায়গায় যেন খানিকটা ছন্দপতন বা তাল কেটে যাওয়ার অনুভূতি হয়। দৃশ্যবদলের গতি কিংবা সংলাপের ক্ষেত্রবিশেষে আর কিছুদিন নিবিড় রিহার্সালের সুযোগ পেলে নাট্যটি বোধহয় আরও বেশি জমাটি ও নিটোল হয়ে উঠত।
নাটকের কারিগরি ও নেপথ্য বিষয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেনঃ সঙ্গীত- অমর ঘোষ, আবহ- সৌমেন্দ্র নন্দী, পোশাক ও নাট্যসামগ্রী নির্মাণ- সুমন ভট্টাচার্য, নৃত্য ও কোরিওগ্রাফি- ড. দেবজ্যোতি লস্কর, রূপসজ্জা- পিযূষকান্তি রায়, আলো- সঞ্জয় দাস, এবং মঞ্চ- রাজেশ কান্তি সাহা ও নিতাই দাস। ঐতিহাসিক আবহ নির্মাণে আলো, আবহ ও মঞ্চসজ্জার সমন্বয় নাটকটিকে বাড়তি মাত্রা দিয়েছে।
অভিনয়েঃ পিযূষকান্তি রায়, সৈকত আচার্য, চিরঞ্জিত দাস, অন্তরিপ রায়, রূপালী সরকার, সৈরিন্ধ্রি আচার্য, মৃন্ময়ী আচার্য, বিপ্লব ভট্টাচার্য, অরিজিৎ ভট্টাচার্য, রজত কুমার দাস, পিন্টু দাস, অনিকেত চক্রবর্তী, রিমন সূত্রধর, ঋতুরাজ দেব, আশিস বিশ্বাস, শংকর দাস ও শ্যামলকান্তি দে। সব মিলিয়ে, সীমিত পরিসরের কিছু খামতি সত্ত্বেও 'রায় কাচাগ' ত্রিপুরার লোকজ ও ঐতিহাসিক আখ্যানকে মঞ্চে তুলে ধরার এক আন্তরিক ও উল্লেখযোগ্য প্রয়াস হিসেবেই দর্শকের মনে থাকবে।