
নারায়ণ দেব
নাট্যোৎসবের দ্বিতীয় সন্ধ্যার প্রথম নাটক ছিল ‘দ্রোনাচার্য শ্রী গুরুবে নমঃ’। মৃন্ময় ভুঁইয়া রচিত এবং গুনাকর দেব গোস্বামী নির্দেশিত নাটকটি প্রযোজনা করেছে গুয়াহাটির ‘পূর্বরং’।
পৌরাণিক আখ্যান ও সমকালীন অন্তর্দ্বন্দ্ব। মহাভারতের শ্রেষ্ঠ অস্ত্রগুরু দ্রোনাচার্যের জীবন ও নৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই নাটক। দ্রৌপদের কাছে অপমানিত হয়ে হস্তিনাপুরে আশ্রয় নেওয়ার পর পাণ্ডবদের অস্ত্রশিক্ষার দায়িত্ব পান তিনি এবং অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর করার প্রতিজ্ঞা করেন। প্রশিক্ষণ চলাকালীন এক কুকুরের ডাক থামাতে একলব্যের অদ্ভুত বাণনিক্ষেপ দক্ষতা তাঁকে বিস্মিত করে। একলব্য নিজেকে দ্রোনাচার্যের শিষ্য পরিচয় দিলে গুরুদক্ষিণা হিসেবে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুল চেয়ে বসেন দ্রোণ। নির্দ্বিধায় আঙুল কেটে গুরুকে সমর্পণ করেন একলব্য।
পরবর্তী সময়ে এই বঞ্চনা দ্রোনাচার্যকে আত্মগ্লানিতে দগ্ধ করে। এমনকি ধৃষ্টদ্যুম্ন যে তাঁর মৃত্যুর কারণ হতে পারেন—তা জেনেও তিনি তাঁকে অস্ত্রশিক্ষা দেন। মৃত্যুশয্যায় শ্রীকৃষ্ণের প্রবোধের উত্তরে দ্রোণ স্বীকার করেন, একলব্যকে বঞ্চিত করার প্রায়শ্চিত্তই তাঁর এই পরিণতি।
নাটকটি প্রাচীন গুরু-শিষ্য পরম্পরার পাশাপাশি বর্তমান সময়ের ছাত্র-শিক্ষক সম্পর্কের জটিলতাকেও স্পর্শ করে। একদিকে শ্রেষ্ঠ গুরুর দায়িত্ব, অন্যদিকে রাজানুগত্য, অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব, একলব্য ও কর্ণের প্রতি বঞ্চনা এবং পুত্রস্নেহ—এই চিরায়ত দ্বন্দ্বগুলো আধুনিক নাট্যভাষায় নতুন করে প্রশ্নবিদ্ধ ও বিশ্লেষিত হয়েছে। পাশাপাশি, রাষ্ট্রক্ষমতা বা ব্যক্তিগত মোহের কাছে নতিস্বীকার করলে একজন শিক্ষক বা শিল্পীর আদর্শ কীভাবে চ্যুত হয়, সেই আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করায় নাটকটি।
স্বল্পসংখ্যক শিল্পীকে নিয়ে সমকালীন বাস্তবতা ও মহাভারতের পৌরাণিক আবহের মধ্যে সাবলীল যাতায়াত নাটকটির অন্যতম শক্তি। অতি-নাটকীয়তা বর্জন করে সংলাপের পাশাপাশি শরীরী ভাষা, নীরবতা ও ছন্দময় চলনের মধ্য দিয়ে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, অসহায়তা ও আত্মজিজ্ঞাসা ফুটিয়ে তুলেছেন কুশীলবেরা।
নাটকে অসমের শাস্ত্রীয় ' সত্রিয় নৃত্য' এবং মহাপুরুষ শংকর দেব প্রবর্তিত ' ভাওনা' নাট্য রীতির দেহ ভঙ্গী ও ছন্দকে অত্যন্ত শৈল্পিক ভাবে ব্যবহার করেছেন নির্দেশক গুনাকর দেব গোস্বামী।
দ্রোনাচার্যের ভূমিকায় নির্দেশক গুনাকর দেব গোস্বামীর অভিনয় ছিল সংযত ও ঋদ্ধ, যেখানে তাঁর সহশিল্পীরাও রেখেছেন জোরালো ভূমিকা। গুনাকর গোস্বামীর অভিনয়ে কণ্ঠের প্রতিটি স্বরলিপিতে যেন লুকিয়ে ছিল এক নিখুঁত শিল্পবোধ—কখনো তা শান্ত নদীর মতো গভীর, কখনো আবার তীক্ষ্ণ বজ্রপাতের মতো তীব্র। সংলাপের ফাঁকে যে নীরবতা বা শ্বাসের ছন্দ, তা-ও যেন কথা বলে উঠেছে নিজের ভাষায়। আর শরীরি অভিনয়ে ছিল এক আশ্চর্য ছন্দময়তা, প্রতিটি পদক্ষেপ, হাতের ভঙ্গি কিংবা চোখের সামান্য পলকে ফুটে উঠেছে চরিত্রের অন্তর্গত স্পন্দন। কোনো বাড়াবাড়ি নেই, নেই কোনো কৃত্রিমতা—শুধুই এক সংযত, ঋদ্ধ ও মার্জিত প্রকাশ, যা মঞ্চ বা পর্দার গণ্ডি ছাড়িয়ে দীর্ঘক্ষণ দর্শকের মনে অনুরণিত হতে থাকে। অন্যান্য চরিত্রের অভিনেতারাও সমান ভাবে অত্যন্ত ছন্দময় অভিনয়ের উদাহরন রেখেছেন। যা দেখে মনে হয়েছে এত শৈল্পিক অভিনয় কি ভাবে সম্ভব।
অভিনয়শিল্পীরা হলেন—গুনাকর দেব গোস্বামী, ঋষি বর্মন, সীমাশ্রী পাটোয়ারী, প্রিয়া/পূজ্য বোড়া, স্বাক্ষী প্রিয়ংবদা ও সেঁয়ুজপ্রিয়া বড়ঠাকুর।
নাটকটির নির্মাণশৈলী ও মাধুর্য দর্শকদের দীর্ঘক্ষণ আচ্ছন্ন করে রাখে। এর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল— ঋষি বর্মনের অর্থবহ মঞ্চপরিকল্পনা হেমন্ত রাজকোঁয়ারের স্মার্ট আলো। রক্তোৎপল দিকু ভরদ্বাজের আবহ, যা নাট্যমুহূর্তগুলোর গাম্ভীর্য ও তীব্রতাকে বাড়িয়ে তুলেছে। এই নাটকে অভিনয়, আলো, মঞ্চ, রূপসজ্জা ও আবহসংগীত—এই পাঁচটি উপাদান নিখুঁত ছন্দে মিলে যায়, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। প্রতিটি দৃশ্যে সূক্ষ্ম আবেগ, সময়োপযোগী আলোর খেলা এবং মনের ভেতর ঢেউ তোলা আবহ নাটকটিকে এমন এক পূর্ণতা দেয় যে পর্দা নামার পরও রেশ রয়ে যায়—একবার দেখে সত্যিই আশ মেটে না।
নাট্যোৎসবের দ্বিতীয় সন্ধ্যার দ্বিতীয় পরিবেশনা: নাটক ‘ভালোবাসার ইস্কুল’
রচনা, নির্দেশনা, মঞ্চভাবনা ও আলোক পরিকল্পনা: দেবাশিস রায়
প্রযোজনা: লারনার্স, ধর্মনগর
এমন একটা স্কুল যদি হতো, যেখানে বই নেই, খাতা নেই, নেই প্রথাগত শিক্ষার ইঁদুরদৌড়! ছোট্টরা যদি প্রকৃতির কাছ থেকে শিক্ষা পেত, মানবিক হয়ে গড়ে উঠত, আর ধনী-দরিদ্রের বৈষম্য না থাকত—তবে কেমন হতো? ‘ভালোবাসার ইস্কুল’ নাটকে ঠিক এমনই একটি স্কুলের সন্ধান দিতে চেয়েছেন নাট্যকার-নির্দেশক দেবাশিস রায়।
নাটকে আমরা দেখি গদা ও মহেন্দ্র—দুই কিশোরের অকৃত্রিম বন্ধুত্ব। দুই জনের পারিবারিক অবস্থান ভিন্ন; গদার বাবা ধনী, অন্যদিকে মহেন্দ্রর বাবা নেই, তবে তার ঠাকুমা একজন সৎ ও সাহসী মহিলা। গদা আর পাঁচটা ছেলের মতো নয়। রান্নাবান্না, সংসারের নানা কাজ থেকে শুরু করে ধানক্ষেতের পরিচর্যার মতো জীবনের অতি প্রয়োজনীয় কাজগুলো সে খুব ভালোভাবে করতে পারে। কিছুটা সহজ-সরল বন্ধু মহেন্দ্রকে সে বইয়ের পাতার বাইরের বাস্তবমুখী শিক্ষা দেয়। কিন্তু মানুষ ভালো চাইলেও কখনও কখনও পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। এই নাটকেও হঠাৎই মহেন্দ্রর বাবা খুন হয়ে যান এবং সৃষ্টি হয় এক জটিল পরিস্থিতি। অবশেষে একদিন সেই জটিলতা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, সব আবার আগের মতো চলতে থাকে।
নাটকের মূল বার্তা আমাদের স্বাবলম্বী ও মাটির কাছাকাছি থাকার শিক্ষা দেয়। পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তব জীবনের পাঠ, অকৃত্রিম বন্ধুত্ব এবং সামাজিক শ্রেণিবৈষম্যের ঊর্ধ্বে উঠে সত্য ও মানবিকতার জয়গানে মুখর এই নাটক। নাটকে বর্তমান শিক্ষা ব্যবস্থাকেও তীব্র কটাক্ষ করা হয়েছে।
দেবাশিসের এই নাট্যনির্মাণে পাওয়া গেল একরাশ স্নিগ্ধতা। রচনা, নির্দেশনা, মঞ্চভাবনা ও আলোক পরিকল্পনা—সবকিছুর দায়িত্ব দেবাশিসের কাঁধে থাকায় নাটকের গল্পের সঙ্গে মঞ্চের দৃশ্যপট ও আলোর ব্যবহারের একটি নিবিড় সংযোগ তৈরি হয়েছে। এর সঙ্গে একঝাঁক প্রতিশ্রুতিবান শিল্পীর পাশাপাশি দুজন পরিণত অভিনেতার অভিনয়শৈলী মিলেমিশে তৈরি করেছে এক সুন্দর নির্মাণ। বিশেষ করে অমিতাভ এবং সুমন গদা ও মহেন্দ্র চরিত্রের অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তুলতে সূক্ষ্ম সংযম ও আবেগের চমৎকার ভারসাম্য বজায় রেখেছেন।
তাঁদের সংলাপ প্রক্ষেপণ ও দেহভঙ্গি চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে, যা পুরো পরিবেশনায় নতুন মাত্রা যোগ করেছে।
নাটকে দুই যুব অভিনেতা কিশোর বেলার চরিত্রে অভিনয় করেছেন—এই ভাবনাটি আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকের একটি স্মরণীয় নির্দেশনার কথা মনে করিয়ে দেয়। শ্রদ্ধেয় নাট্যনির্দেশক কানহাইলাল সেন যখন সত্তরোর্ধ্ব সাবিত্রী দেবীকে দিয়ে অমলের চরিত্রে অভিনয় করিয়েছিলেন, তখন তিনি স্পষ্ট করেছিলেন যে অমল কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বয়সের চরিত্র নয়; অমল আসলে একটি বিশেষ ‘সময়’ বা চেতনাকে ধারণ করে। বর্তমান নাটকেও নির্দেশক দেবাশিস মণিদীপ ও সুমনকে দিয়ে দুই কিশোরের ভূমিকায় যে অভিনয় করিয়েছেন, তার পেছনেও একই দর্শন কাজ করেছে বলে মনে হয়। এখানে তাঁরা নিছক কোনো নির্দিষ্ট চরিত্রের প্রতিনিধি নন, বরং এক বিশেষ সময়ের প্রতীক হয়ে উঠেছেন। চরিত্রকে বয়স বা বাস্তবতার গণ্ডি ছাড়িয়ে ‘সময়’-এর ব্যঞ্জনায় পৌঁছে দেওয়ার এই প্রয়াস সত্যিই চমৎকার।
নাটকের অন্যান্য কুশিলবেরা সকলেই তরুন প্রজন্মের এবং যথেষ্ট প্রতিশ্রুতিবান।
নাট্য ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনের শিক্ষা ব্যবস্থার কথা মনে করায়।
অভিনয়ে ছিলেন: গদা—অমিতাভ নাগ @ পার্থ, মহেন্দ্র—মনিদীপদাস সুমন, বিল্লি—সুপা, চড়াই—সোমা, ভেলাদা—সন্তোষ, বগা—তাপস, মনিশংকর—রত্নদ্বীপ, ঠাকুমা—অনামিকা, গদার বাবা—অগ্নিষ, মহেন্দ্রর মা—মিনাক্ষী, পুলিশ—সঞ্জয় এবং কৃষক—শিবম।
নেপথ্যের শিল্পী: মিউজিক অ্যারেঞ্জমেন্ট—শুভদীপ গুহ, আলো—সঞ্জয়, শব্দ—মনীষ, মঞ্চ নির্মাণ—ঋষি বর্মন, প্রোডাকশন কন্ট্রোলার—রত্নদীপ চক্রবর্তী।
এমন একটি নির্মল ও ভালোবাসার নাটকে দ্বন্দ্ব সৃষ্টির প্রয়োজনে খুনের মতো ঘটনার বদলে অন্য কোনো ভাবনা আনা গেলে কেমন হতো—নাট্যকার-নির্দেশকের কাছে সে বিষয়ে একটু ভেবে দেখার অনুরোধ রইল। এবং গল্পের গাঁথুনিটা আরেকটু মজবুত করতে পারলে কাজটি আরও অনন্য হয়ে উঠবে। পাশাপাশি নাট্যকাহিনির প্রয়োজনে নাটকের চলনকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তাও অনুভূত হয়। সব মিলিয়ে নাট্যগতির খানিকটা শ্লথতা থাকলেও প্রযোজনাটি দর্শকের মন ছুঁয়ে যায়।